কোনো ভোটকেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

বারিধারা, ১২ ফেব্রুয়ারি – বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোট দেওয়ার পর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং জানান যে কোনো কেন্দ্র দখলের খবর তাদের কাছে নেই। তিনি দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, সবাই যেন উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করতে পারে।
একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একজনের ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এমন ভিডিও থাকলে তাকে দেখাতে। তিনি জানান, এবার একজনের ভোট অন্যের দেওয়ার সম্ভাবনা খুবই কম, তবুও অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। দেশের বিভিন্ন জেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি স্বীকার করেন যে ছোটখাটো দু একটি ঘটনা ঘটেছে, তবে তা বড় কিছু নয়।
নির্বাচন আরও শান্তিপূর্ণ হবে বলে তিনি জনগণের কাছে প্রত্যাশা করেন। কেন্দ্র দখলের প্রশ্নে তিনি স্পষ্ট জানান, তাদের কাছে এমন কোনো তথ্য নেই। সাংবাদিকরা সঠিক সংবাদ পরিবেশন করলে দেশবাসী উপকৃত হবে বলেও তিনি মন্তব্য করেন।
এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









