নোয়াখালী

নোয়াখালীতে এনসিপি প্রার্থীর স্ত্রীর ওপর হামলার অভিযোগ, কাঠগড়ায় বিএনপি

নোয়াখালী-৬, ১২ ফেব্রুয়ারি – নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী এবং তার ভাইসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. হাফিজুর রহমান অভিযোগ করে জানান, একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। তার দাবি, স্থানীয় বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলাকারীরা শ্যামলী সুলতানাকে রড দিয়ে আঘাত করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অপর একজনের মুঠোফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় মাসউদের ভাইসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্যামলী সুলতানা জেদনী লিখেছেন, বিএনপির সন্ত্রাসীরা আমাকে রড দিয়ে মেরেছে এবং ফোন কেড়ে নিয়েছে। আমার দেবরকে কয়েকজন মিলে মারধর করেছে। প্রশাসন নিষ্ক্রিয়। তবে অভিযুক্ত বিএনপি নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হাতিয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. আলাউদ্দিন এ প্রসঙ্গে জানান, এলাকায় কিছু গুজব ছড়ানো হচ্ছে। তবে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং যেখানেই সমস্যার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language