কড়া নিরাপত্তায় ঢাকা-১৭ আসনে ভোট দিলেন তারেক রহমান

ঢাকা-১৭, ১২ ফেব্রুয়ারি – ঢাকা-১৭ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন এবং পৌনে ১০টার দিকে ভোট প্রদান শেষে কেন্দ্র ত্যাগ করেন।
ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। দেশের মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তবে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সকাল থেকেই ভোটকেন্দ্রটিতে বিএনপি নেতাকর্মীদের ভিড় এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। এছাড়া দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
এই আসনে তারেক রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ডা. খালিদুজ্জামান যিনি দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন। রাজধানীর গুলশান, বনানী, সেনানিবাস ও ভাসানটেকসহ বেশ কিছু এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। নির্বাচনে মোট ১১ জন প্রার্থী থাকলেও ৫ জন স্বতন্ত্র প্রার্থী তারেক রহমানকে সমর্থন জানিয়ে আগেই সরে দাঁড়িয়েছেন। সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট্রের প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ, শামীম আহমেদ, মো. রাশেদুল হক, মঞ্জুর হুমায়ুন ও এনায়েত উল্লাহ।
এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









