জাতীয়

ঝিনাইদহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে

ঝিনাইদহ, ১২ ফেব্রুয়ারি – ঝিনাইদহে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের মতো জেলার চারটি সংসদীয় আসনে মোট ৫৮৮টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে এবং তারা উৎসাহের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করছেন।

এবারের নির্বাচনে জেলায় মোট ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের ২১ জন প্রার্থী। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে ৭ হাজার ৬৪৪ জন আনসার, ১ হাজার ৬৪৪ জন পুলিশ, ১ হাজার ২৯ জন সেনাসদস্য, র‌্যাবের ৪৮ জন এবং বিজিবির ২২২ জন সদস্য রয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language