সিলেটে ভোটের আগের রাতে কেন্দ্রে প্রবেশের অভিযোগ, ১১ দলীয় জোট ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ

সিলেট, ১২ ফেব্রুয়ারি – সিলেট-৩ আসনে ভোটের আগের রাতে বালাগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ উঠেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ১১-দলীয় জোট ও বিএনপি সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং সংঘর্ষের ঘটনাও ঘটে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে পূর্ব গৌরীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির তারিকুল ইসলামসহ কয়েকজন ওই কেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে আশপাশে থাকা বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রের ভেতরেই তাদের ঘিরে ফেলেন। তখন প্রিজাইডিং কর্মকর্তার কক্ষে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতি ও মারামারিতে গড়ায়।
এ অভিযোগের বিষয়ে ১১-দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু বলেন, ঘটনাটি পরিকল্পিত। তার দাবি, এজেন্ট কার্ড দেওয়ার কথা বলে তাদের ডাকা হয়েছিল। তারা কার্ড নেওয়ার জন্য সই করার সময়ই তাদের ঘেরাও করে জালভোটের মিথ্যা অভিযোগ তুলে হেনস্তা করা হয়।
তিনি আরও বলেন, এখানে পুলিশের ভূমিকা সন্দেহজনক। থানা দূরে হওয়ায় ডাকলেও তারা আসেনি, তবে সেনাবাহিনী এসেছে। কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আছে, ফুটেজ দেখলেই আসল ঘটনা বোঝা যাবে।
অন্যদিকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেন, ‘প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে রাত ১১টার দিকেই ব্যালটে সিল মারা শুরু হয়েছিল। এটি একটি ‘ব্ল্যাক-ডে’ (কালো দিন), কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এখন কেন্দ্রের দিকে যাচ্ছি।’
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ঠিক কী ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুরো ঘটনা গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









