সিলেটের ৬টি আসনে ভোটগ্রহণ শুরু, নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্যণীয়

সিলেট, ১২ ফেব্রুয়ারি – সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ কার্যক্রম বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটাররা টানা ৯ ঘণ্টা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এবারের নির্বাচনে সিলেটের ৬টি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর জোটের পাশাপাশি অন্যান্য দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন।
বিভিন্ন আসনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সিলেট-১ আসনে বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির ও জামায়াতের মাওলানা হাবিবুর রহমান, সিলেট-২ আসনে বিএনপির তাহসিনা রুশদীর লুনা ও খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে বিএনপির মোহাম্মদ আবদুল মালিক ও জাতীয় পার্টির মো. আতিকুর রহমান। এছাড়া সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী ও জামায়াতের মো. সেলিম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকালে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের আওতাধীন কেন্দ্রগুলোকে সাধারণ ও গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ভাগ করে পুলিশ, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রাখা হয়েছে।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









