ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে একযোগে এই কার্যক্রম শুরু হয়, যা বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নির্বাচন কমিশন জানিয়েছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকার পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে।
রাজধানীর রামপুরা ও খিলগাঁওসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে শান্তিপূর্ণ পরিবেশ দেখা গেছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দায়িত্ব পালন করছেন।
রামপুরার সালামবাগ জামে মসজিদ কেন্দ্রে ভোট দিতে আসা রাকিব হাসান জানান, পরিবেশ শান্তিপূর্ণ থাকায় তিনি স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছেন এবং তিনি চান জনগণের রায় যেন সঠিকভাবে প্রতিফলিত হয়। খিলগাঁওয়ের বাসিন্দা সাবিনা ইয়াসমিন পরিবারসহ ভোট দিতে এসে সন্তোষ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ভোট দেওয়া নাগরিক দায়িত্ব এবং কেন্দ্রের পরিবেশ অত্যন্ত ইতিবাচক।
এদিকে ফজরের নামাজ শেষেই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন রামপুরার আরেক ভোটার মো. মহিউদ্দিন। তিনি আশা প্রকাশ করেন, সারাদিন এবং ভোটের পরবর্তী সময়েও এমন উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।
প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণরাও দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









