ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: সকাল থেকেই কেন্দ্রে ভোটাররা

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ফজরের নামাজ শেষ করেই অনেক ভোটার কেন্দ্রের সামনে এসে লাইনে দাঁড়িয়েছেন।
নির্ধারিত সময়ের আগে ভোটারদের কেন্দ্রে প্রবেশের অনুমতি না থাকলেও পোলিং এজেন্টদের কাগজপত্র যাচাইপূর্বক কঠোর নিরাপত্তার মাধ্যমে ভেতরে প্রবেশ করানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রের বাইরে প্রার্থীদের অস্থায়ী বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ কার্যক্রম চলছে।
আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার বলয় তৈরি করেছেন।
মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, ফজরের নামাজের পরপরই বেশ কয়েকজন ভোটার কেন্দ্রে উপস্থিত হয়েছেন। মোহাম্মদ ফারুক নামের একজন ভোটার জানান, অনেক বছর পর ভালো পরিবেশে ভোট হচ্ছে, তাই ফজরের নামাজ পড়েই তিনি চলে এসেছেন।
তোফাজ্জল হোসেন নামের আরেক প্রবীণ ভোটার জানান, পরিস্থিতি ভালো থাকায় এবং ভিড় এড়াতে তিনি সকালেই ভোট দিতে এসেছেন।
ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর ফলাফল প্রকাশ করা হবে।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









