টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ এনসিপির

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাকা উদ্ধারের নামে সাধারণ মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার রাতে রাজধানীর বাংলামোটর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
তিনি জানান, মাত্র ২০ হাজার টাকা বহন করার কারণে দলের একজন নেতাকে আটক করে হেনস্তা করা হয়েছে এবং তার কাছ থেকে ওই টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। গত ১৭ মাস ধরে চলা চাঁদাবাজিরই এটি একটি রূপ বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচন ঘিরে নাশকতার আশঙ্কা প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, হান্নান মাসুদের বাড়িতে স্লোগান দিয়ে হামলা ও লুটপাট চালিয়েছে বিএনপির লোকজন, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
এছাড়া পঞ্চগড়ে সার্জিস আলমের গাড়িবহরে হামলা এবং ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের ১৩টি নির্বাচনি বুথে ভাঙচুর চালানো হয়েছে। সারাদেশেই পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে।
আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অস্ত্র মজুদ করা হচ্ছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বুধবার রাতের মধ্যেই সেসব স্থানে যৌথবাহিনীর অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মিডিয়া একপাক্ষিক ও অদায়িত্বশীল আচরণ করছে এবং অনেক ক্ষেত্রে বিএনপির দ্বারা প্রভাবিত হচ্ছে। নির্বাচনের দিন কোনো ধরনের তথ্য সন্ত্রাস মেনে নেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এনএন/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









