পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি

রাজশাহী, ১১ ফেব্রুয়ারি – বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ডিআইজি শামীমা বেগম, যাকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। অন্যদিকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি বাসুদেব বনিককে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাঠানো হয়েছে।
এছাড়া জাতিসংঘ মিশন শেষে দেশে ফেরা পুলিশ সুপার জান্নাত আফরোজকে রেলওয়ে পুলিশে এবং নৌপুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









