জামালপুর

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় আটক ৩, কারাদণ্ড

জামালপুর, ১১ ফেব্রুয়ারি – জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের সময় নগদ অর্থসহ তিন কর্মীকে আটক করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে তাদের প্রশাসনের হাতে তুলে দেওয়া হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

বুধবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরগুলাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন মেলান্দহ উপজেলার চর সগুনা এলাকার হারুনউর রশিদের ছেলে মেহেদী হাসান, ছবিলাপুর এলাকার মো. জালাল উদ্দিন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম এবং একই এলাকার আব্দুল আজিজ মন্ডলের ছেলে জহুরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণ করছিলেন ওই তিন ব্যক্তি। বিতরণ শেষে ফেরার পথে আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাদের আটক করে। এ সময় তাদের কাছে ৯৪ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিয়ে তাদের সোপর্দ করা হয়।

সংবাদ পেয়ে জামালপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক আরিফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তফিজুর রহমান ভুইঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএন// ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language