ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের কড়া জবাব দিল চীন

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের দাবি, মার্কিন রাষ্ট্রদূত আবারও বাংলাদেশ ও চীনের সম্পর্ক নিয়ে অযৌক্তিক প্রশ্ন তুলেছেন। বুধবার ঢাকার চীনা দূতাবাসের একজন মুখপাত্র এক বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানান।
সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত এক বক্তব্যে উল্লেখ করেন যে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। একই সঙ্গে চীনের সঙ্গে নির্দিষ্ট কিছু সম্পৃক্ততার ঝুঁকি বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করতে ওয়াশিংটন নিবিড়ভাবে কাজ করবে বলেও তিনি জানান। এর জবাবে চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, রাষ্ট্রদূতের এমন বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন মার্কিন পক্ষ সাদা কালো মিশিয়ে সত্যকে আড়াল করার চেষ্টা করছে এবং বারবার চীন ও বাংলাদেশ সম্পর্কের দিকে আঙুল তুলছে।
মুখপাত্রের মতে চীন ও বাংলাদেশ পারস্পরিক সম্মান এবং সমর্থনের ভিত্তিতে তাদের সম্পর্ক এগিয়ে নিচ্ছে। দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিশ্বস্ত সহযোগী হিসেবে চীন আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয় যে চীন ও বাংলাদেশের সম্পর্ক বা দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশের সঙ্গে চীনের সম্পর্ক কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে গড়ে ওঠেনি। তাই এই সম্পর্ক বাইরের কোনো শক্তির প্রভাবে প্রভাবিত হবে না। যারা এই সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টির চেষ্টা করবে তাদের প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলেও সতর্ক করা হয়।
এসএএস/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









