শেরপুর

শেরপুরে নির্বাচনি দায়িত্বে আসার পথে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে কর্মকর্তার মৃত্যু

শেরপুর, ১১ ফেব্রুয়ারি – শেরপুর সদরে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য কর্মস্থলে আসার পথে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সহকারী প্রিসাইডিং অফিসারসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে শিশুসহ আরও ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা রোকনুজ্জামান রুকন ও মাদারগঞ্জ উপজেলার মাহফুজা বেগম।

রোকনুজ্জামান শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কাজ শেষে রোকনুজ্জামান বুধবার সকালে সরিষাবাড়ি থেকে শেরপুরে ফিরছিলেন। শিমুলতলী এলাকায় পৌঁছালে তাদের বহনকারী অটোরিকশাটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক অনণ্যা দত্ত তাদের মৃত ঘোষণা করেন। আহত অন্য ছয়জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এনএন// ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language