গাইবান্ধা

রংপুর বিভাগে নির্বাচন ঘিরে র‍্যাবের কঠোর নিরাপত্তা বলয় ও বিশেষ নজরদারি

গাইবান্ধা, ১১ ফেব্রুয়ারি – সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১৩ এর জেলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

রংপুর বিভাগের আওতাধীন এলাকায় সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে ৩২টি আসনে মোট ৪৬২০টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তা জোরদারে বিভিন্ন জেলায় ৬৪টি টহল দল, দুটি স্ট্রাইকিং রিজার্ভ টিম, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে বিশেষ সদস্য মোতায়েন থাকবে।

কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকিতে টহল ও স্ট্রাইকিং টিমের কার্যক্রম পরিচালিত হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোবাইল ও স্ট্রাইকিং টিম প্রস্তুত থাকার পাশাপাশি অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারিতে রাখা হবে। বিশেষ কন্ট্রোল রুম থেকে প্রতিটি দলের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করা হবে এবং গুজব প্রতিরোধে র‍্যাবের মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া নজরদারি রাখবে।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language