আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

আলবেনিয়া, ১১ ফেব্রুয়ারি – সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে ইউরোপের দেশ আলবেনিয়া। দুর্নীতির অভিযোগে দেশটির প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। মঙ্গলবার রাতে রাজধানী তিরানায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা পুলিশের দিকে মলোটভ ককটেল ও ফ্লেয়ার নিক্ষেপ করলে পরিস্থিতির অবনতি হয়।
জবাবে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে তিরানার পার্লামেন্ট ভবনের আশপাশেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ ও বিক্ষোভকারীদের এই সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ ও বিক্ষোভকারী উভয় পক্ষের সদস্য রয়েছেন বলে জানা গেছে। সাম্প্রতিক মাসগুলোতে আলবেনিয়ায় বিরোধী দলের ডাকা ধারাবাহিক সরকারবিরোধী কর্মসূচির অংশ হিসেবেই এই সহিংস প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
দেশটিতে রাজনৈতিক অস্থিরতার সূত্রপাত হয় গত নভেম্বর মাসে, যখন প্রসিকিউটররা অভিযোগ তোলেন যে আলবেনিয়ার উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী বেলিন্ডা বাল্লুকু সরকারি নির্মাণকাজের দরপত্র প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছিলেন। অভিযোগের পর মন্ত্রীকে সাময়িক বরখাস্ত করা হলেও পরের মাসে প্রধানমন্ত্রীর অনুরোধে তাকে আবার দায়িত্বে ফিরিয়ে আনা হয়। এখন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী রামা ও বাল্লুকু উভয়ের পদত্যাগ দাবি করছেন। পাশাপাশি বাল্লুকুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তার বিশেষ আইনি সুরক্ষা স্থগিতের দাবিও জানানো হয়েছে। মঙ্গলবার বিক্ষোভে এক হাজার তিনশতেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন ছিল। বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সালি বেরিশা এই বিক্ষোভের ডাক দিয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে আলবেনিয়ায় একটি শান্তিপূর্ণ গণঅভ্যুত্থান শুরু হয়েছে।
এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









