গজারিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও ট্রলারসহ আটক ১

মুন্সিগঞ্জ, ১১ ফেব্রুয়ারি – মুন্সিগঞ্জের গজারিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় শটগান, কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ নয়ন-পিয়াস ডাকাত দলের এক সহযোগীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত ১টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এলাকায় এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দ্রুতগামী ট্রলারও জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম জামাল হোসেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, তিনি নয়ন-পিয়াস ডাকাত দলের সোর্স হিসেবে কাজ করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুয়াগাছিয়া ইউনিয়নে চিহ্নিত ডাকাত রিয়াজের বাড়িতে তল্লাশি চালিয়ে শটগান, তিন রাউন্ড গুলি ও নয়টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানের সময় রিয়াজ বাড়িতে ছিলেন না। রিয়াজের বাবা আকতারের বিরুদ্ধেও ২৭টির বেশি ফৌজদারি মামলা রয়েছে এবং নয়ন-পিয়াসের অনুপস্থিতিতে তিনিই ডাকাত দলের কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ডাকাত দলের বিভিন্ন আস্তানায় তল্লাশিকালে জামাল হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল ডাকাতদের চেনেন না বলে দাবি করলেও পরে তার মুঠোফোনে পিয়াসের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। এছাড়া অভিযানের অংশ হিসেবে চর এলাকা থেকে ডাকাত দলের ব্যবহৃত ট্রলারটি জব্দ করে যৌথ বাহিনী।
এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









