ত্রয়োদশ সংসদ নির্বাচন রংপুর বিভাগে র্যাবের সর্বোচ্চ নিরাপত্তা ও ডিজিটাল মনিটরিং

রংপুর, ১১ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে রংপুর বিভাগে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব ১৩। এই অঞ্চলে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বুধবার সকালে রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব ১৩ এর উপ অধিনায়ক মেজর সাইফুল ইসলাম নিরাপত্তা প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান যে আধুনিক প্রযুক্তির সহায়তায় একটি বিশেষায়িত ডিজিটালাইজড মনিটরিং সেন্টার চালু করা হয়েছে যেখান থেকে সার্বক্ষণিকভাবে নির্বাচন সংশ্লিষ্ট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে এবং এমন কিছু শনাক্ত হলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন যে নির্বাচনকে কেন্দ্র করে মাদক কারবারি, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করছে এবং ইতিমধ্যে একাধিক অভিযানে সফলতাও এসেছে।
ভোটাররা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়া নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে র্যাব বদ্ধপরিকর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে র্যাব ১৩ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









