কক্সবাজার

উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ তিনজন আটক

কক্সবাজার, ১১ ফেব্রুয়ারি – কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ওয়াকিটকিসহ তিনজনকে আটক করেছে। বুধবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রহমতের বিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটার গান, একটি হ্যামার, দুটি চাপাতি এবং দুটি ওয়াকিটকি সেট।

এছাড়া চারটি পিস্তলের গুলি, ৬৯টি একে ২১ মডেলের গুলি, তিনটি কার্তুজ ও রাইফেলের ১৩টি গুলি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের আজিজুল হকের ছেলে নূরুল আমিন, একই ইউনিয়নের রহমতের বিল গ্রামের আহমেদের ছেলে জানে আলম এবং কক্সবাজার সদর পৌরসভার শফিক আহমদের ছেলে সোহেল রানা। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে গত মঙ্গলবার কক্সবাজার সদর উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ওই ঘটনায় এক সাংবাদিককে উদ্ধার করা অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের অভিযোগে মারুফ হাসান তাহসিন নামের এক যুবককে আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার দক্ষিণ ডিককুল এলাকায় অভিযান চালিয়ে একটি বসতবাড়ির পাশ থেকে দুটি দেশীয় অস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করে সেনাসদস্যরা।

এ এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language