জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইসি সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে।
আজ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে তা একযোগে সম্প্রচার করা হবে। ধারণা করা হচ্ছে, ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। পাশাপাশি দেশজুড়ে নির্বাচনি সামগ্রী বিতরণ ও ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তিনি কথা বলতে পারেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও ড্রোন নজরদারির মাধ্যমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও তার বক্তব্যে উঠে আসতে পারে। একই সঙ্গে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন তিনি। উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।
এসএএস/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









