জাতীয়

নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ থেকে দুদিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকে টানা দুদিন ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং গণভোট অনুষ্ঠিত হবে। এই দিনটিতে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় রেখে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অন্যদিকে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার আগেই টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব এবিএম আবু বাকার ছিদ্দিক।

প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে সাধারণ ছুটি পালন করা হবে যা সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরাও এই ছুটির আওতাভুক্ত থাকবেন।

এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

এনএন// ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language