একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬-এর আয়োজন নিয়ে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকেল ৩টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সভায় অংশ নেওয়া প্রকাশকরা প্রকাশনা-শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করেন। সংস্কৃতি উপদেষ্টা গ্রন্থনীতি প্রণয়নসহ অধিকাংশ দাবির সঙ্গে সহমত প্রকাশ করেন এবং এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব পেশ করার আহ্বান জানান।
সভায় উপদেষ্টা ঘোষণা করেন, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণের জন্য প্রকাশকদের স্টল ভাড়া সরকারের পক্ষ থেকে ৫৫ শতাংশ মওকুফ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যে যারা স্টল ভাড়ার টাকা একাডেমিতে জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত জমা দেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। যারা এখনো টাকা জমা দেননি, তারা নতুন নির্ধারিত হারে সরাসরি টাকা জমা দিতে পারবেন।
সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা এবং পরিচালনা কমিটির আরও কয়েকজন সদস্য।
এনএন/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









