জাতীয়

পটুয়াখালীতে চরম নিরাপত্তাহীনতায় ভোগার অভিযোগ ভিপি নুরের

পটুয়াখালী, ১০ ফেব্রুয়ারি – পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন যে তিনি নির্বাচনী এলাকায় চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টায় পটুয়াখালীর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। নুর দাবি করেন একজন স্বতন্ত্র প্রার্থী এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও চাঁদাবাজদের নিয়ে শান্তিপূর্ণ জনপদে অশান্তি সৃষ্টি করছেন এবং পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছেন।

সাবেক এই ভিপি জানান গত দুদিনে তার এলাকায় একাধিক সহিংস ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বাড়িতে অগ্নিসংযোগ, অফিস পুড়িয়ে দেওয়া, এক নারীকে ধর্ষণের পর হত্যা, চর বোরহানী অফিস ভাঙচুর এবং কর্মীদের কুপিয়ে আহত করার মতো গুরুতর অপরাধ অন্তর্ভুক্ত। তিনি বলেন পুলিশ সুপার ও জেলা প্রশাসককে বিষয়গুলো অবহিত করা হলেও দুর্বৃত্তদের গ্রেফতারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এই ভূমিকায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নুরুল হক নুর আরও বলেন তিনি একটি রাজনৈতিক দলের প্রধান হয়েও যদি এমন নিরাপত্তাহীনতায় থাকেন তবে সাধারণ ভোটারদের অবস্থা সহজেই অনুমেয়। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। প্রয়োজনে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামারও ঘোষণা দেন তিনি। বিষয়টি নির্বাচন কমিশন সচিব ও পুলিশের আইজিপিকেও জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এসএএস/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language