শিক্ষা

পদত্যাগের সিদ্ধান্ত জানালেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

তিনি জানান, একটি বিশেষ বা আপদকালীন সময়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং বর্তমানে সেই সংকটের উত্তরণ ঘটেছে বলে তিনি মনে করেন। তাই উপাচার্যের প্রশাসনিক দায়িত্ব থেকে সরে তিনি পুনরায় শিক্ষকতা পেশায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

ড. নিয়াজ আহমদ খান উল্লেখ করেন যে সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এখন একটি স্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে। তবে প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষায় এবং হঠাৎ কোনো শূন্যতা এড়াতে সরকার বা সংশ্লিষ্টরা যদি প্রয়োজন মনে করেন তবে তিনি ট্রানজিশন পিরিয়ড বা আরও কিছুদিন দায়িত্ব পালন করতে সম্মত আছেন।

তিনি বলেন যে তিনি মূলত উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক হিসেবেই নিজের কাজ চালিয়ে যেতে চান। উপাচার্য আরও স্পষ্ট করেন যে সামনে একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নিতে যাচ্ছে এবং তারা যাতে নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে সেই সুযোগ করে দিতেই তিনি সরে দাঁড়াচ্ছেন।

তিনি জোর দিয়ে বলেন যে এই সিদ্ধান্তের পেছনে কোনো প্রকার চাপ নেই এবং এটি সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত। তিনি নির্বাচন বা সরকার পরিবর্তনের পর হঠাৎ পদত্যাগ করলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বলেই এখনই বিষয়টি পরিষ্কার করলেন বলে জানান।

এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language