জাতীয়

নির্বাচনের দিন বেনাপোল সীমান্তে যাত্রী পারাপার ২৪ ঘণ্টা বন্ধের নির্দেশ

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল সীমান্তে যাত্রী চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য বেনাপোল ও ভারতের পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্র মতে, ১৯৪৭ সালে এই পথে যাতায়াত শুরুর পর এবং ১৯৭২ সালে স্বাধীনতার পর থেকে কখনোই এই চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল পুরোপুরি বন্ধ হয়নি।

ঝড়বৃষ্টি বা করোনা মহামারির মতো দুর্যোগেও এই পারাপার সচল ছিল। তবে এবারই প্রথম নির্বাচনকে কেন্দ্র করে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নির্বাচনের দিন নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা স্বাধীনতার ৫৫ বছরে প্রথম ঘটনা।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে এবং শুক্রবার সকাল থেকে পুনরায় স্বাভাবিক হবে। তিনি উল্লেখ করেন, অন্য সময়ে জরুরি বা অসুস্থ যাত্রীদের ছাড় দেওয়া হলেও এবার কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকছে। বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন জানান, যাত্রী পারাপার বন্ধের বিষয়ে দাপ্তরিক নির্দেশনা ইতিমধ্যে তাদের কাছে পৌঁছেছে।

এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language