জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের অনুমতি ও নিষেধাজ্ঞা বিষয়ক নতুন নির্দেশনা

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনার বিস্তারিত জানানো হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের গোপনীয়তা রক্ষায় গোপন কক্ষে বা মার্কিং প্লেসে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত এবং ভোটদানের সঙ্গে সংশ্লিষ্ট নির্দিষ্ট কিছু ব্যক্তিকে মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
অনুমোদিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্য। এছাড়া নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনরত দেশি ও বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট এবং সাধারণ ভোটাররাও কেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন। তবে শর্ত থাকে যে, গোপন কক্ষে প্রবেশের সময় কেউই মোবাইল ব্যবহার করতে পারবেন না। নির্দেশনায় আরও স্পষ্টভাবে বলা হয়েছে, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং উল্লিখিত নির্দিষ্ট পুলিশ ও আনসার সদস্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কোনো সদস্য ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। এই নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।
এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









