জাতীয়

রমজান মাসে ব্যাংকের লেনদেন ও অফিসের নতুন সময়সূচি ঘোষণা

বাংলাদেশ, ১০ ফেব্রুয়ারি – আসন্ন রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংকিং খাতের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট বা এসডিএডি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন নির্দেশিত সময়সূচি অনুযায়ী পবিত্র রমজান মাসে ব্যাংকে লেনদেন হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং দাপ্তরিক কার্যক্রম সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলমান থাকবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে এই নির্ধারিত সময়সূচি মেনে চলবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে তবে এই বিরতির সময়েও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন কার্যক্রম অব্যাহত রাখা যাবে।

স্বাভাবিক সময়ে ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা এবং দাপ্তরিক কাজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চললেও রমজানের কারণে এতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যাবে বলে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language