গত ছয় বছরের মধ্যে সরকারি খাদ্যশস্যের মজুদ এখন সর্বোচ্চ

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, দেশে নিরাপদ খাদ্য মজুদের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে খাদ্যশস্যের সরকারি মজুদ গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে সরকারি গুদামে ২২ লাখ ১০ হাজার টনেরও বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে যা দেশের খাদ্য নিরাপত্তায় একটি ইতিবাচক সাফল্য। মঙ্গলবার সকালে খাদ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং খাদ্য সচিব মো. ফিরোজ সরকার উপস্থিত ছিলেন।
উপদেষ্টা জানান নিরাপদ খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা ১৩ দশমিক ৫ লাখ টন হলেও বর্তমানে গুদামগুলোতে তার চেয়ে অনেক বেশি শস্য মজুদ আছে। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন যে দায়িত্ব ছাড়ার সময় তিনি প্রত্যাশার চেয়ে বেশি মজুদ রেখে যাচ্ছেন। এর ফলে পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হবে না এবং তিনি ধীরস্থিরভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। ব্রিফিংয়ে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত গত ছয় বছরের খাদ্য মজুদের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।
তথ্য অনুযায়ী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চালের মজুদ ১৮ লাখ ৭৬ হাজার ৮৮ টন এবং গমের মজুদ ৩ লাখ ২২ হাজার ৭৪৩ টন। এছাড়া ধানের মজুদ রয়েছে ১ লাখ ৭ হাজার ৮১৫ টন। চাল গম ও ধান মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুদ দাঁড়িয়েছে ২২ লাখ ১০ হাজার ৬৭০ টনে। পরিসংখ্যান বলছে ২০২১ সালে এই মজুদ ছিল মাত্র ৬ লাখ ৬৯ হাজার টনের কিছু বেশি। তবে ২০২৪ ও ২০২৫ সালে মজুদ কিছুটা কমলেও বর্তমানে তা আবার সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে।
এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









