জাতীয়

নির্বাচনকালীন নিষেধাজ্ঞায় গণপরিবহন সংকটে ঢাকাবাসী, যাত্রীদের চরম ভোগান্তি

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়েছে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থায়। সড়কের বাসের সংখ্যা অস্বাভাবিক হারে কমে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর অফিসপাড়া ও প্রধান মোড়গুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিবহন না পেয়ে অনেক যাত্রীকেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

রামপুরা, ফার্মগেট, শাহবাগ, মিরপুর-১০, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকা ঘুরে দেখা গেছে যাত্রীরা বাসের অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। দীর্ঘক্ষণ পর দু-একটি বাস এলেও অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেই তাতে উঠতে ব্যর্থ হচ্ছেন। যাত্রীদের অভিযোগ অনুযায়ী মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় বাসের ওপর নির্ভরতা বেড়েছে কিন্তু বাসের সংখ্যা অপ্রতুল। বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। মতিঝিল মডেল স্কুলের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জানান যে তাঁর ক্লাস টেস্ট থাকলেও বাস সংকটের কারণে সময়মতো পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে পরিবহন শ্রমিকদের মতে নিরাপত্তা ও নিষেধাজ্ঞার কারণে অনেক মালিক গাড়ি রাস্তায় নামাচ্ছেন না। সরকারি নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত অন্যান্য যানবাহন চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নগরবাসী মনে করেন নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা সচল রাখতে বিকল্প উদ্যোগ গ্রহণ করা জরুরি।

এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language