ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস সংকট ও বাড়তি ভাড়ার অভিযোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, ১০ ফেব্রুয়ারি – নির্বাচনের ছুটিকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে গ্রামমুখী মানুষের এই যাত্রায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে চরম ভোগান্তির চিত্র উঠে এসেছে। মঙ্গলবার সকাল থেকেই এক্সপ্রেসওয়ের নিমতলা, হাসাড়া, ষোলঘর এবং শ্রীনগর ছনবাড়ি এলাকায় বাসের জন্য যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, বাসগুলো আসন ফাঁকা থাকা সত্ত্বেও নির্ধারিত স্টপেজে থামছে না এবং থামলেও অতিরিক্ত ভাড়া দাবি করছে।
দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থেকেও অনেকে কাঙ্ক্ষিত পরিবহন পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা এই পরিস্থিতিতে সবচাইতে বেশি বিপাকে পড়েছেন। নিমতলা এলাকায় বাসের অপেক্ষায় থাকা এক যাত্রী জানান, জরুরি প্রয়োজনে গন্তব্যে যাওয়া দরকার হলেও দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছেন না। দু-একটি বাস থামলেও তারা স্বাভাবিক ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা দাবি করছে। অন্যদিকে এক্সপ্রেসওয়েতে যানবাহনের সার্বিক চাপ বাড়লেও যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। তবে স্থানীয় স্টপেজগুলোতে বাস না থামানো এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। ভুক্তভোগী যাত্রীরা অবিলম্বে এই বিশৃঙ্খলা রোধে এবং সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









