পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪, আহত অর্ধশতাধিক

পাবনা, ১০ ফেব্রুয়ারি – পাবনা ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সোয়া ৭টার দিকে আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে ও শাহজাদপুর ট্রাভেলসের চালক কামাল হোসেন, পাবনা পৌর সদরের শিবরামপুর মহল্লার চমন মোল্লার ছেলে ও মাছরাঙা এক্সপ্রেসের হেলপার মেহেদি হাসান জিহাদ, আটঘরিয়া উপজেলার নরজান গ্রামের খোরশেদ আলীর ছেলে আলমগীর হোসেন এবং পাবনা সদর উপজেলার রাজাপুর গ্রামের মাজন আলীর ছেলে আলেফ উদ্দিন। নিহতদের মধ্যে আলমগীর ও আলেফ উদ্দিন বাসের যাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে পাবনা থেকে ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাস দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাছরাঙা এক্সপ্রেসের হেলপার জিহাদ নিহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাধপুর হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় উভয় বাসের অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালক কামাল হোসেন এবং পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আলমগীর হোসেন মারা যান। এছাড়া উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে আলেফ উদ্দিনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা হবে অন্যথায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি। এদিকে পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার জাহিদুল ইসলাম জানিয়েছেন হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত ৩২ জনকে ভর্তি করা হয়েছিল যাদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









