বাগেরহাট

বাগেরহাটে ভয়াবহ আগুন: ডায়াগনস্টিক সেন্টারসহ ১৫ দোকান ভস্মীভূত, দেড় কোটি টাকার ক্ষতি

বাগেরহাট, ১০ ফেব্রুয়ারি – বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ডায়াগনস্টিক সেন্টারসহ অন্তত ১৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে জেলা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত পুরাতন শীতবস্ত্রের মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শীতের কাপড় বিক্রির জন্য ওই স্থানে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে ১৫টি দোকান স্থাপন করেছিলেন।

গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর মধ্যেই হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং ১৫টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাহিদ চাকলাদার আক্ষেপ করে জানান, আগুনে তাদের সবকিছু শেষ হয়ে গেছে এবং অনেক কষ্টে গড়ে তোলা প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে গেছে।

লিটু খান নামে এক ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী জানান, ঋণ নিয়ে তিনি ব্যবসা শুরু করেছিলেন এবং ঈদের জন্য পণ্য কেনার নগদ টাকাও দোকানে ছিল, যা সবই আগুনে পুড়ে গেছে। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ নিশ্চিত করেছেন যে, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

এ এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language