ত্রিশালে চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দোকানের টাকা লুটের অভিযোগ

ময়মনসিংহ, ১০ ফেব্রুয়ারি – ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর দোকানের ভেতর লাশ ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায় বলে জানা গেছে।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার বগার বাজার চৌরাস্তায় এই নৃশংস ঘটনাটি ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম সুসেন চন্দ্র সরকার এবং তার বয়স ৬২ বছর। তিনি উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা এবং বগার বাজার চৌরাস্তায় মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ নামক একটি দোকানের স্বত্বাধিকারী ছিলেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ হোসেন জানান রাত ১১টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এরপর তারা দোকানের শাটার বন্ধ করে চলে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে এসে দোকানের ভেতর রক্তাক্ত অবস্থায় আবিষ্কার করেন। দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সুজন সরকার দাবি করেছেন তাদের দীর্ঘদিনের চালের ব্যবসায় কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তিনি অভিযোগ করেন বাবাকে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









