অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের প্রতিবাদে সংঘর্ষ, গ্রেপ্তার ২৭

সিডনি, ১০ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়ায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সফরের বিরুদ্ধে সিডনির রাস্তায় নামা প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিডনি টাউন হলের কাছে জড়ো হওয়া কয়েক হাজার প্রতিবাদকারীকে পুলিশ সরাতে গেলে এই সহিংসতা ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে যে স্থানীয় সময় সোমবার সন্ধ্যার এই ঘটনায় ২৭ জনকে তারা গ্রেপ্তার করেছে এবং এর মধ্যে ১০ জনকে পুলিশ কর্মকর্তাদের ওপর আক্রমণ করার অভিযোগে আটক করা হয়েছে।
প্রতিবাদকারীদের মধ্যে অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় একজন আইনপ্রণেতাও ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার তারা অভিযোগ করেছেন যে পুলিশ কর্মকর্তারাই তাদের ওপর উল্টো আক্রমণ চালিয়েছিল।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই সহিংসতার ঘটনায় চরম বিস্ময় প্রকাশ করেছেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি রেডিও স্টেশন ট্রিপল এমকে বলেছেন অস্ট্রেলিয়ানরা সংঘাত বা সহিংসতা দেশে নিয়ে আসতে চায় না।
নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে সহিংসতায় কেউ গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি। বিক্ষোভ চলাকালে পুলিশকে বিশেষ ক্ষমতা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল যার মধ্যে ছিল নির্দিষ্ট পথ ধরে যাওয়ার নির্দেশনা ও তল্লাশি।
টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায় পুলিশ বিক্ষোভকারীদের পিছু হটিয়ে দিচ্ছে এবং ছত্রভঙ্গ করতে পেপার স্প্রে ব্যবহার করছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রিস মিনস পুলিশের পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন পুলিশ এক অসম্ভব পরিস্থিতির মুখোমুখি হয়েছিল।
অন্যদিকে ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ সিডনি অভিযোগ করেছে পুলিশ তাদের সবদিক থেকে ঘিরে রেখেছিল এবং যথেচ্ছভাবে পেপার স্প্রে ছিটিয়েছে।
গ্রিন পার্টির আইনপ্রণেতা এবিগেল বয়েড দাবি করেছেন ঘটনাস্থল ত্যাগ করার সময় পুলিশ তাকে আঘাত করেছে।
এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









