স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ? ব্যাটারির আয়ু বাড়াতে পরিবর্তন করুন ৫টি সেটিংস

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ব্যাটারির দীর্ঘস্থায়ী ব্যাকআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই অভিযোগ করেন যে তাদের ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যায়। মূলত কিছু প্রযুক্তিগত কারণে বা অসতর্কতার ফলে ব্যাটারি দ্রুত শেষ হতে পারে। তবে স্মার্টফোনের সাধারণ কিছু সেটিংস পরিবর্তন করে এই সমস্যার সমাধান করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, পাঁচটি বিশেষ ফিচার বা সেটিংস পরিবর্তন করলে ব্যাটারির স্থায়িত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। প্রথমত, ডিসপ্লের ব্রাইটনেস এবং স্ক্রিন টাইমআউট সেটিংস ব্যাটারির ওপর বড় প্রভাব ফেলে।
স্ক্রিনের উজ্জ্বলতা চোখের জন্য আরামদায়ক পর্যায়ে রাখা উচিত এবং অযথা ব্রাইটনেস বাড়িয়ে রাখা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি অটো-লক বা স্ক্রিন টাইমআউটের সময় কমিয়ে আনলে ব্যাটারির অপচয় রোধ করা যায়। দ্বিতীয়ত, ব্যবহারকারীর অজান্তেই ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ সচল থাকে, যা ব্যাটারির চার্জ দ্রুত কমিয়ে দেয়। ফোনের সেটিংস থেকে ‘ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ’ অপশনটি বন্ধ করে দিলে এ সমস্যার সমাধান পাওয়া যায়। তৃতীয়ত, সব সময় লোকেশন শেয়ারিং অপশন চালু রাখা ব্যাটারির জন্য ক্ষতিকর। সব অ্যাপের জন্য এই অনুমতি না দিয়ে কেবল প্রয়োজনীয় সময়ে ‘অ্যাপ ইউজিং’ অপশনটি নির্বাচন করা বুদ্ধিমানের কাজ।
এর জন্য সেটিংসের প্রাইভেসি অপশন থেকে লোকেশন সার্ভিস নিয়ন্ত্রণ করা যেতে পারে। চতুর্থত, সেলুলার ডেটার তুলনায় ওয়াইফাই সংযোগে ব্যাটারি খরচ কম হয়। তাই সুযোগ থাকলে মোবাইল ডেটার পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করা উচিত। এতে ব্যাটারির ওপর চাপ কম পড়ে। পঞ্চমত, স্মার্টফোনে থাকা ‘লো-পাওয়ার মোড’ ফিচারটি ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে আইফোন ব্যবহারকারীরা সেটিংস থেকে ব্যাটারি অপশনে গিয়ে এই মোডটি চালু রাখলে দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখা সম্ভব।
এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









