আজ মঙ্গলবার সরকারের উপদেষ্টাদের যেসব কর্মসূচি থাকছে

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ মঙ্গলবার দিনের শুরুতেই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার সকাল ১১টায় সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল সকাল সাড়ে ১১টায় প্রবাসী কল্যাণ ভবনে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। একই সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করবেন উপদেষ্টা ফরিদা আখতার। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গৃহীত কার্যক্রম ও অর্জন তুলে ধরবেন।
দুপুর সাড়ে ১২টায় ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৩টায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন নিয়ে প্রেস ব্রিফিং করবেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









