অন্যান্য

সেরা নারী শুটার কামরুন নাহার কলি এক বছরের জন্য নিষিদ্ধ

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অন্যতম সফল ইভেন্ট শুটিং হলেও সাম্প্রতিক সময়ে তা নানা বিতর্কের জন্ম দিয়েছে। এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দেশের অন্যতম সেরা নারী শুটার কামরুন নাহার কলিকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে শুটিং ফেডারেশন। ফেডারেশনের কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায়ে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রায় মাসখানেক আগে কলিকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কলি সেই নোটিশের জবাব দিলেও ফেডারেশনের কাছে তা গ্রহণযোগ্য মনে হয়নি। ফলে চূড়ান্তভাবে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসে। এর আগে, বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের বহিষ্কৃত যুগ্ম সম্পাদক জি এম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে যৌন হয়রানি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছিলেন কলি। সেই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ সাজ্জাদকে কমিটি থেকে অব্যাহতি দিয়েছিল।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বৃত্তিপ্রাপ্ত একজন খেলোয়াড়ের এমন নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিওএ-এর সহ-সভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ জানান, কলি যেহেতু আইওসি স্কলারশিপ হোল্ডার, তাই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ফেডারেশনের উচিত ছিল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে একটি যৌক্তিক সমাধানের চেষ্টা করা হবে।

শুটারদের একাংশের ধারণা, সাবেক শুটার ও কর্মকর্তা জি এম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণেই প্রতিহিংসার শিকার হয়েছেন কলি। যদিও সাজ্জাদকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে, তবুও ফেডারেশনে তার প্রভাব এখনো বিদ্যমান বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এসএএস/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language