বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এআরটি চুক্তি স্বাক্ষর, কমলো রপ্তানি পণ্যের শুল্ক

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য সুবিধা সম্প্রসারণে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
নতুন এই চুক্তির আওতায় বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর শুল্কহার ২০ থেকে কমিয়ে ১৯ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে প্রস্তুত করা পোশাক রপ্তানির ক্ষেত্রে রেসিপ্রোকাল শুল্ক সম্পূর্ণ শূন্য থাকবে।
অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার এই গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বাংলাদেশ প্রান্ত থেকে সশরীরে উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









