জাতীয়

দুই ঘণ্টা অন্তর ভোট পড়ার সংখ্যা জানাতে হবে: ইসি

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই ঘণ্টা অন্তর ভোট পড়ার হার রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, দুই ঘণ্টা পরপর ভোটকেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা পাঠাতে হবে। এর জন্য প্রত্যেক নির্বাচনি এলাকায় সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটর EMS (Election Management System)-এ লগইন করে প্রতি কেন্দ্রে দুই ঘণ্টা অন্তর ভোটের সংখ্যা এন্ট্রি করবেন।

ডাটা এন্ট্রি অপারেটর ভোটের সংখ্যা এন্ট্রি করার পর সহকারী রিটার্নিং অফিসার তা যাচাই করে অনুমোদন করবেন। অনুমোদনের পরে রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে ‘Kopot Dashboard’-এ সেই তথ্য দেখা যাবে।

ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language