যুক্তরাষ্ট্রের পরমাণু পরীক্ষার অভিযোগ প্রত্যাখ্যান চীনের, একে মিথ্যাচার দাবি বেইজিংয়ের

বেইজিং, ৯ ফেব্রুয়ারি – গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিং এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যাচার বলে অভিহিত করেছে। চীনা কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র নিজেদের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার অজুহাত হিসেবেই চীনের বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ তুলছে।
সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে ওয়াশিংটনের এই দাবি নাকচ করে দেয়।
এর আগে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস ডিন্যানো চীনের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেন।
তিনি দাবি করেন যে চীন পারমাণবিক বিস্ফোরকের পরীক্ষা চালিয়েছে এবং এর মধ্যে ২০২০ সালের ২২ জুন একটি পরীক্ষার কথাও তিনি উল্লেখ করেন। ডিন্যানো আরও বলেন যে চীন শত শত টন বিষ্ফোরণ ক্ষমতাসম্পন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
তিনি অভিযোগ করেন বেইজিং কার্যক্রম আড়াল করতে ডিকাপলিং পদ্ধতি ব্যবহার করেছে যাতে ভূ-কম্পন মাপক যন্ত্রে এর প্রভাব ধরা না পড়ে। এএফপিকে দেওয়া বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং নির্জলা মিথ্যা। চীন মনে করে যুক্তরাষ্ট্র নিজেদের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড আড়াল করতে এবং পুনরায় পরীক্ষা শুরুর পথ খুঁজতেই এমনটা করছে।
গত অক্টোবরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কো ও বেইজিংয়ের সঙ্গে সমতার ভিত্তিতে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর কথা বলেছিলেন। সম্প্রতি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









