জাতীয়

নির্বাচনের আগেই রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ৯ ফেব্রুয়ারি দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ০৬ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম ৬ পদ্ধতি অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। চলতি বছরের জানুয়ারি মাসে প্রবাসীরা ৩১৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন যা ডলার সংকট কাটাতে বড় ভূমিকা রেখেছে।

একইসঙ্গে ফেব্রুয়ারি মাসের প্রথম ৮ দিনেই এসেছে এক বিলিয়ন ডলার। রেমিট্যান্স প্রবাহ বাড়ার ফলে ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে এবং দরপতনের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার যোগান ও চাহিদার ভারসাম্য ঠিক রাখতে এবং মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনছে।

সোমবার ১৯টি ব্যাংক থেকে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে ১২২ টাকা ৩০ পয়সা দরে ২০ কোটি ৯০ লাখ ডলার কেনা হয়েছে। চলতি ২০২৫ ২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট ৪৭৩ কোটি ডলার কেনা হয়েছে বলে জানা গেছে।

বিগত কয়েক বছরে ডলারের বাজার অস্থিতিশীল থাকায় রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করতে হয়েছিল। তবে বর্তমানে কঠোর পদক্ষেপের কারণে অর্থপাচার কমেছে এবং রপ্তানি ও প্রবাসী আয় উভয়ই বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান যে বাজারে ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকায় দর যাতে অস্বাভাবিকভাবে কমে না যায় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে ভারসাম্য বজায় রাখছে। এতে রপ্তানি ও প্রবাসী আয় খাত ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবে এবং রিজার্ভও শক্তিশালী হচ্ছে।

এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language