টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে এসে অসুস্থ হয়ে দুই সমর্থকের মৃত্যু

টাঙ্গাইল, ৯ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর শেষ নির্বাচনী মিছিলে যোগ দিতে এসে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যান এলাকায় এই বিয়োগান্তক ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার সেলিমপুর ইউনিয়নের চর পাকুল্যা গ্রামের জোনাব আলী এবং একই ইউনিয়নের ছোনাট গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের শেষ দিনের নির্বাচনী শোডাউন ছিল সোমবার। মিছিল শুরুর ঠিক আগ মুহূর্তে একজন এবং মিছিল চলাকালীন আরেকজন সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অন্যজনের ডায়াবেটিসের মাত্রা হঠাৎ আশঙ্কাজনকভাবে কমে যায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘আজ আমার গণমিছিল ছিল, যেখানে উপজেলার প্রত্যন্ত গ্রাম ও শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ সমবেত হন। শহিদ স্মৃতি পৌর উদ্যানে জমায়েতের সময় হঠাৎ আমার দুজন কর্মী অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়। আমি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত দুজনই বয়স্ক ছিলেন এবং আগে থেকেই শারীরিক জটিলতায় ভুগছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এসএএস/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









