ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, তবে গোপন কক্ষে ছবি তোলা নিষেধ: ইসি সচিব

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার, প্রার্থী এবং পোলিং এজেন্টরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। তবে ভোট প্রদানের গোপন কক্ষে প্রবেশ করে কোনোভাবেই ছবি তোলা যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
সচিব উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় মোবাইল ব্যবহারের বিষয়টি নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তিনি পরিষ্কার করেন যে, মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশে বাধা নেই, তবে গোপন কক্ষে এর ব্যবহার বা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে যা যাচাই-বাছাই চলছে।
আসন্ন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্যাপক উপস্থিতির কথা জানিয়ে ইসি সচিব বলেন, মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক থাকছেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ২২৩ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন এবং আইআরআই থেকে ১২ জন প্রতিনিধি রয়েছেন। এছাড়া আল জাজিরা, রয়টার্স, এপি ও ডয়চে ভেলের মতো আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য আসছেন। অতিথি হিসেবে থাকছেন ৬০ জন।
ব্যালট পেপার ও নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে আখতার আহমেদ জানান, ফরিদপুর-১ এবং বরগুনা আসনের ব্যালট পেপারে কিছু ত্রুটি পরিলক্ষিত হওয়ায় তা সংশোধন করা হয়েছে। আগামীকাল সকাল থেকে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ থাকবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল প্রচারণাও কঠোর নজরদারিতে রাখা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি সন্তোষজনক, তবে দুটি প্রাণহানির ঘটনা অনাকাঙ্ক্ষিত। ভোট গণনা ও ফলাফল প্রকাশে অযথা বিলম্ব হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









