গোপালগঞ্জে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২, আহত ৩

গোপালগঞ্জ, ৯ ফেব্রুয়ারি – গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার এবং একই এলাকার আমান শেখের ছেলে হাসিব শেখ। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জিকার সরদার ও হাসিব শেখ নিহত হন। দুর্ঘটনায় আহত অপর তিন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইকটি জব্দ করেছে।
এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









