জাতীয়

ইসির কাছে ডাকসুর ৪ দফা, মোবাইল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা বাতিলের আশ্বাস

নির্বাচন কমিশন ভবন, ৯ ফেব্রুয়ারি – ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলসহ নির্বাচন কমিশনের কাছে চারটি দাবি পেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু।

সোমবার দুপুরে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে এসব দাবি উত্থাপন করে। ডাকসুর অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন না করার সিদ্ধান্ত বাতিল করা এবং সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। এছাড়া প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিও জানানো হয়।

পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে ডাকসুর ভিপি সাদিক কায়েম জানান যে তাদের দাবির প্রেক্ষিতে ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারির বিষয়ে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে। একইসাথে ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন বাতিলের বিষয়টি পুনঃবিবেচনাসহ অন্যান্য দাবিগুলোর বিষয়েও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ইসি।

এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language