ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত অগণতান্ত্রিক, ক্যামেরা নিয়ে যাওয়ার আহ্বান নাসীরুদ্দীনের

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এই সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ বলে আখ্যায়িত করেছেন।
সোমবার নির্বাচনি প্রচারণাকালে তিনি বলেন, মোবাইল নিষিদ্ধ করা হলেও ভোটারদের সনি বা ক্যাননের মতো ক্যামেরা নিয়ে কেন্দ্রে যাওয়া উচিত, যাতে কোনো অনিয়ম দেখলে তা ধারণ করা যায়। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিচ্ছে এবং ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ শুরু হয়েছে। এর আগে রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, ভোটকেন্দ্রে কেবল প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং নির্দিষ্ট অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া আর কেউ মোবাইল রাখতে পারবেন না।
তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছেন, গণমাধ্যমকর্মীদের ওপর এই নিষেধাজ্ঞা বর্তাবে কি না, তা নিয়ে কমিশনাররা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে, মোবাইল ফোন নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল না হলে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, কমিশন জুলাইয়ের মতো ‘অন্ধকার পথে’ হাঁটছে এবং জনগণের রায় ছাড়া কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে। তিনি সতর্ক করে বলেন, ভোট চুরির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









