কুষ্টিয়া

কুষ্টিয়ার সাবেক মেয়র আনোয়ার আলীর বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাতের মামলা

কুষ্টিয়া, ৯ ফেব্রুয়ারি – কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীসহ তিন জনের বিরুদ্ধে পাঁচ কোটি একুশ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। সোমবার মামলার বিষয়টি নিশ্চিত করেছে দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া।

এর আগে সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন কুষ্টিয়া পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও সাবেক হিসাবরক্ষক আবুল কালাম আজাদ। মামলার এজাহার সূত্রে জানা যায় যে ২০০৪ সালের ২৬ জুলাই কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলী কোনোপ্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও রেজুলেশন ছাড়াই অগ্রণী ব্যাংকের থানাপাড়া শাখায় দরিদ্র তহবিল নামে একটি হিসাব খোলেন যা তিনি একক স্বাক্ষরে পরিচালনা করতেন। এ ছাড়া ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনোপ্রকার রেকর্ডপত্র ছাড়াই আবেদনকারীদের থেকে ভবনের নকশা অনুমোদনের সময় সরকারি ফির অতিরিক্ত হিসেবে টাকা আদায় করা হয়।

পাশাপাশি বিভিন্ন লাইসেন্সের ফি অবৈধভাবে রশিদের মাধ্যমে আদায় করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তদন্তে দেখা যায় এসব টাকা পৌরসভার ব্যাংক হিসাবে জমা করা হলেও পরবর্তীতে বিভিন্ন ভুয়া খরচ দেখিয়ে তা আত্মসাৎ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা তথ্যমতে অভিযুক্তরা এভাবে মোট ৫ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করেছেন। এই অবৈধ প্রক্রিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলী ছাড়াও পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কামাল উদ্দিন এবং সাবেক হিসাবরক্ষক আবুল কালাম আজাদ প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। উল্লেখ্য যে আনোয়ার আলী দীর্ঘ সময় কুষ্টিয়া পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সময়ও তিনি মেয়রের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তাকে সেই পদ থেকে অপসারণ করা হয়।

এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language