ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার ৪টি সহজ উপায় জানাল ইসি

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে চারটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই উদ্যোগের ফলে ভোটাররা এখন ঘরে বসেই দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটকেন্দ্র এবং ভোটার নম্বর সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারটি ভিন্ন উপায়ে ভোটাররা তাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
প্রথমত, স্মার্টফোনের গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ (Smart Election Management BD) নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপে প্রবেশ করে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করতে হবে। এরপর ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ প্রদান করলে ভোটার নম্বর, ক্রমিক এবং কেন্দ্রের নাম ও ঠিকানা জানা যাবে। দ্বিতীয়ত, যেকোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করে এই সেবা নেওয়া যাবে। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ ক্ষেত্রে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ জানাতে হবে।
প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে। তৃতীয়ত, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে ভোটার তার কাঙ্ক্ষিত তথ্য পেয়ে যাবেন। চতুর্থত, নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট (ecs.gov.bd) থেকেও তথ্য জানা যাবে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে গিয়ে নির্বাচনি এলাকা ও উপজেলা অনুযায়ী কেন্দ্রের তালিকা দেখা যাবে। অথবা এনআইডি ও জন্ম তারিখ দিয়েও তথ্য বের করা যাবে। এছাড়া গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের অবস্থান ও যাতায়াতের পথ দেখার সুবিধাও সেখানে যুক্ত করা হয়েছে।
এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









