মুক্তিযুদ্ধ না থাকলে জিয়াউর রহমান ও বিএনপি থাকে না এস এম জিলানী

গোপালগঞ্জ, ৯ ফেব্রুয়ারি – গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, আজকে যদি একাত্তর, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ না থাকে, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও থাকেন না। আর জিয়াউর রহমান না থাকলে বিএনপিও থাকে না। একইভাবে একাত্তর, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ না থাকলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে বিএনপির রাজনীতিও টিকে থাকে না। রোববার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কাজী মন্টু কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এস এম জিলানী আরও উল্লেখ করেন যে বর্তমানে স্বাধীনতাবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, তাই সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পক্ষে থাকবেন
। তিনি গর্ব প্রকাশ করে বলেন, তিনি এমন একটি রাজনৈতিক দল করেন যার প্রতিষ্ঠাতা একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। রোববার বিকেল থেকেই শত শত নেতাকর্মী ও সমর্থক ধানের শীষের মিছিল নিয়ে কলেজ মাঠে জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশে মতুয়া সম্প্রদায়ের নেতা আশ্চর্য পদ্মনাভ ঠাকুরসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









