এবার ড্রোন ক্যামেরায় নজরদারিতে ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ড্রোন ক্যামেরার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিমান বাহিনী, বিজিবি ও র্যাব।
ড্রোন ক্যামেরা মোতায়েনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি ও র্যাবের মহাপরিচালকের কাছে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
ইসির সিনিয়র সহকারী সচিব শহীদুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা জানা, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে নজরদারি খুবই কার্যকর হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, র্যাব ও বিজিবি যেন ড্রোন ক্যামেরা মোতায়েন করে এবং সেসব ড্রোনের লাইভ ফিড নির্বাচন কমিশন সচিবালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেলে সরবরাহ করে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া বিমান বাহিনীর ড্রোনের লাইভ ফিড নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়েও দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









