বেসরকারি ঋণের লক্ষ্য বাড়িয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা, কমল এসডিএফ

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর লক্ষ্য নিয়ে চলতি অর্থবছরের (২০২৫–২৬) দ্বিতীয়ার্ধের (জানুয়ারি–জুন) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই মুদ্রানীতি উপস্থাপন করেন। এটি বর্তমান গভর্নরের মেয়াদে ঘোষিত তৃতীয় মুদ্রানীতি।
নতুন ঘোষিত মুদ্রানীতিতে নীতি সুদহার বা রেপো রেট অপরিবর্তিত রাখা হলেও কমানো হয়েছে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) বা রিভার্স রেপো। ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখলে যে সুদ পায়, সেই এসডিএফ হার ৮ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে নীতি সুদহার ১০ শতাংশ এবং স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ দশমিক ৫০ শতাংশেই অপরিবর্তিত থাকছে।
মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর জানান, ব্যাংকগুলো যাতে কেন্দ্রীয় ব্যাংকে অলস অর্থ জমা না রেখে বিনিয়োগে বা ঋণ প্রদানে আগ্রহী হয়, সেজন্যই এসডিএফ কমানো হয়েছে। আগামীতে এই হার আরও কমানোর ইঙ্গিত দেন তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য বজায় রাখাই এই মুদ্রানীতির মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে, যা বর্তমানে ৮ দশমিক ৫৮ শতাংশে রয়েছে।
এদিকে, নির্বাচন পরবর্তী সময়ে বিনিয়োগ বাড়বে এমন প্রত্যাশায় বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি সামান্য বাড়ানো হয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ৬ দশমিক ১ শতাংশ ঋণ প্রবৃদ্ধি অর্জিত হলেও আগামী জুন নাগাদ এই লক্ষ্যমাত্রা ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে। পাশাপাশি সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৬ শতাংশ।
এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









